মুক্ত স্বদেশ দেশে গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী | মুক্ত স্বদেশ

দেশে গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক জুলাই ২৮, ২০২৬, ৮:১৫ অপরাহ্ন
দেশে গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

দেশে চলমান তীব্র গ্যাসসংকট নিরসনে মালয়েশিয়ার সরকারের কাছে সরাসরি সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে জরুরি পদক্ষেপ হিসেবে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে চিঠি পাঠানোর পাশাপাশি টেলিফোনেও আলোচনা করেছেন। মূলত মালয়েশিয়া থেকে এলএনজি আমদানিসহ জ্বালানি খাতের সংকট কাটাতে এ সহযোগিতা চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য নিশ্চিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গ্যাসসংকটের কারণে গৃহস্থালি, শিল্প খাত ও গণপরিবহনে সৃষ্ট সাময়িক দুর্ভোগের জন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, গত সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রূপান্তরের অন্যতম মাধ্যম এফএসআরইউতে (ভাসমান এলএনজি টার্মিনাল) বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এফএসআরইউ পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘এক্সেলারেট এনার্জি’র দেশি-বিদেশি বিশেষজ্ঞরা ইতোমধ্যেই সমস্যা সমাধানে কাজ করছেন। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহের শুরুতে আংশিক এবং সপ্তাহের শেষ নাগাদ এটি পুরোপুরি সচল হবে।

এদিকে, সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান এবং মঙ্গলবার দুপুরে টেলিফোনে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়। কথোপকথনে বাংলাদেশের জরুরি জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা কামনা করেন তিনি। জবাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

পরবর্তীতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক ফেসবুক পোস্টে টেলিফোন বার্তার তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশের গ্যাসসংকট নিরসনসহ দুই দেশের মধ্যে জ্বালানি, বিনিয়োগ ও স্ট্র্যাটেজিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়া সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।