
স্বামীর পিকআপ ভ্যানে চড়ে মধ্যরাতে ঘুরতে বের হওয়ার খেসারত দিতে হলো এক দম্পতিকে। পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে পিকআপ বিকল হয়ে পড়ায় স্থানীয়দের কাছে গরুচোর সন্দেহে আটক হওয়ার পর, মধ্যরাতে অবস্থানের সন্তোষজনক কারণ দেখাতে না পেরে শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়ে আদালতে যেতে হয়েছে তাদের।
সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে ঈশ্বরদী পৌর শহরের উমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন পৌর শহরের শহীদ আমিনপাড়া এলাকার মৃত ইউনুছ শেখের ছেলে রায়হান শেখ (২৫) এবং তার স্ত্রী সুমাইয়া খাতুন (১৮)।
আটক রায়হান শেখের দাবি, রাত আনুমানিক দেড়টার দিকে তার স্ত্রী ঘুরতে যাওয়ার আবদার করলে তিনি নিজস্ব পিকআপটি নিয়ে বের হন। ঘণ্টানেক ঘোরাঘুরির পর উমিরপুর এলাকায় পৌঁছালে পিকআপটি হঠাৎ বিকল হয়ে পড়ে। তিনি গাড়ি মেরামতের চেষ্টা করার সময় স্থানীয় এক ব্যক্তি তাদের দেখে গরুচোর সন্দেহে চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী জড়ো হয়ে তাদের প্রায় দুই ঘণ্টা আটকে রাখে এবং তাকে মারধর করে। মঙ্গলবার ভোরে খবর পেয়ে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, স্থানীয়রা গরুচোর সন্দেহে তাদের আটক করে খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনায় কোনো পক্ষ লিখিত অভিযোগ না করলেও, গভীর রাতে জনমানবহীন এলাকায় অবস্থানের পেছনে ওই দম্পতি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। ফলে সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :