মুক্ত স্বদেশ শরীয়তপুরে স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ | মুক্ত স্বদেশ

শরীয়তপুরে স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩


নিউজ ডেস্ক জুলাই ২৮, ২০২৬, ৮:২৬ অপরাহ্ন
শরীয়তপুরে স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীর সামনে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আচুরা গ্রামের একটি বাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন— আচুরা গ্রামের মো. রাব্বি (২৮), পালং উপজেলার আটিপাড়া এলাকার হযরত আলী খন্দকার (৪২) এবং আচুরা গ্রামের ইমন খন্দকার (২৬)।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামীকে ফোনে ডেকে নিয়ে প্রথমে অপহরণ ও জঙ্গলঘেরা বাগানে বেঁধে রাখা হয়। পরে স্বামীর ফোন থেকেই স্ত্রীর কাছে টাকা ও পেনড্রাইভ চেয়ে এক লোককে পাঠানো হয়। স্ত্রী অটোরিকশায় করে নির্দিষ্ট স্থানে পৌঁছালে তাকে আটকে রেখে স্বামীর গলায় ছুরি ধরে একে একে সংঘবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা। এ সময় দম্পতির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে এবং ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌছে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযান চালিয়ে মূল অভিযুক্ত তিনজনকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।