
পরকীয়া প্রেমের জেরে স্বামীর সঙ্গে সংসার বিচ্ছেদের পর বিয়ের দাবিতে মা ও বোনকে সঙ্গে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন রিমা আকতার (১৯) নামে এক সন্তানের জননী। বুধবার (২২ জুলাই) বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের কাবাষট্টি গ্রামে এ ঘটনা ঘটে।
অনশনরত রিমা আকতার নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকইর গ্রামের আব্দুর রশিদের মেয়ে। অন্যদিকে অভিযুক্ত প্রেমিক তাজনুর ইসলাম কাবাষট্টি গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ও রিমার পরিবার সূত্রে জানা যায়, রিমার সাবেক স্বামী মোফাজ্জল হোসেনের বাড়ি অভিযুক্ত তাজনুর ইসলামের বাড়ির পাশেই। প্রতিবেশী হওয়ার সুবাদে রিমা ও তাজনুরের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মঙ্গলবার (২১ জুলাই) রাতে স্বামী মোফাজ্জল হোসেন দুজনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই রাতেই উভয় পরিবারের উপস্থিতিতে রিমাকে তালাক দেন তার স্বামী।
সংসার ভাঙার পরদিন বুধবার সকালে নিজেকে অসহায় দাবি করে মা ও বোনকে সাথে নিয়ে তাজনুরের বাড়িতে অনশনে বসেন রিমা। তবে ঘটনার টের পেয়ে রিমা পৌঁছানোর আগেই অভিযুক্ত তাজনুর ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।
অনশনরত রিমা আকতার বলেন, “তাজনুরের সঙ্গে সম্পর্কের কারণেই আমার সংসার ভেঙেছে। স্বামী আমাকে ডিভোর্স দিয়েছেন। এখন তাজনুর যদি আমাকে বিয়ে না করে, তবে আমার আর বেঁচে থাকার কোনো পথ থাকবে না।”
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমে। অভিযুক্ত তাজনুর ও তার পরিবার আত্মগোপনে থাকায় এ বিষয়ে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :