মুক্ত স্বদেশ ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইরান | মুক্ত স্বদেশ

৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইরান


নিউজ ডেস্ক জুলাই ১৯, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইরান

একদিকে ভূ-রাজনৈতিক উত্তেজনা ও মার্কিন হামলা, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ— দুই মিলিয়ে চরম অশান্ত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ইরান। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। একই সঙ্গে টানা অষ্টম দিনের মতো দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা অব্যাহত রয়েছে, যার ফলে বিভিন্ন অঞ্চলে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে পারস্য উপসাগরীয় এই দেশ।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-এর বরাতে আল জাজিরা জানিয়েছে, রোববার (১৯ জুলাই) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় ৫ দশমিক ০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী গ্রামগুলোতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা মূল্যায়নের জন্য ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির দুটি উদ্ধারকারী দল ইতিমধ্যে ঘটনাস্থলে রওনা হয়েছে।

প্রাকৃতিক এই বিপর্যয়ের মধ্যেই দেশটিতে চলছে মার্কিন সামরিক অভিযান। ইরানি হামলায় দুই মার্কিন সেনা নিহতের প্রতিশোধ হিসেবে ইরানের একাধিক দ্বীপসহ বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তু করে অষ্টম দিনের মতো ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাসের বিভিন্ন অংশে বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সেখানে ক্ষেপণাস্ত্র হামলা বা মার্কিন যুদ্ধবিমানের সরাসরি আক্রমণের খবর এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে কর্তৃপক্ষ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে।

তবে তাসনিমের অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিটের দিকে কেশম দ্বীপের বিভিন্ন স্থানে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্বীপটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থানে মার্কিন বাহিনী সরাসরি হামলা চালিয়েছে। সূত্র: আল জাজিরা।