মুক্ত স্বদেশ বাংলাদেশে বিনিয়োগ করতে প্রস্তুত বহু দেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী | মুক্ত স্বদেশ

বাংলাদেশে বিনিয়োগ করতে প্রস্তুত বহু দেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


নিউজ ডেস্ক জুলাই ২৬, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
বাংলাদেশে বিনিয়োগ করতে প্রস্তুত বহু দেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর অনেক দেশই এখন বাংলাদেশে বিভিন্ন খাতে নতুন করে বিনিয়োগ করার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ’ শীর্ষক এক সংলাপ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “ইতোমধ্যে অনেক দেশ আমাদের সাথে কথা বলছে যে, তারা কোন কোন খাতে কীভাবে নতুন বিনিয়োগ করতে পারে। বহু বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশ বিনিয়োগ বিকাশ কর্তৃপক্ষের (বিডা) পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেছে।”

বিনিয়োগের নির্দিষ্ট সময়সীমা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিনিয়োগের প্রক্রিয়াটি একটি চলমান ধারা। এটি কোনো দিনক্ষণ গুনে বা চাঁদ দেখে হবে না; বরং আলোচনা ও প্রক্রিয়া অনুযায়ী এগোবে।”

বিনিয়োগের প্রতিবন্ধকতা নিয়ে তিনি উল্লেখ করেন, “বিএনপি উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর ও ক্ষতিগ্রস্ত অর্থনীতি পেয়েছে। গত ১৭ বছরে দেশের ব্যাংকিং খাত, পুঁজিবাজারসহ পুরো অর্থনৈতিক কাঠামো যেভাবে ধ্বংস করা হয়েছে, সেই অবস্থা থেকে দেশকে তুলে এনে একটি গতিশীল অর্থনীতি উপহার দিতে সরকার প্রয়োজনীয় নীতি ও বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছে।”

বিনিয়োগের অগ্রাধিকার খাতগুলো সম্পর্কে তিনি জানান, জ্বালানি, টেক্সটাইল, তৈরি পোশাক শিল্প, কৃষি ও কৃষিভিত্তিক খাতগুলোতে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠী, কুটির শিল্প, সংস্কৃতি ও পর্যটনে ‘সৃজনশীল অর্থনীতি’র ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি ক্রীড়া কূটনীতিকে কাজে লাগিয়ে দেশের ক্রীড়া খাতেও বৈদেশীক বিনিয়োগ আকর্ষণের চেষ্টা চলছে।

সমুদ্র অর্থনীতি বা ‘ব্লু-ইকোনমি’ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “ব্লু-ইকোনমি আমাদের অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত খাত। ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশে ব্লু-ইকোনমিতে বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে এবং এর বিশাল সম্ভাবনাও আমাদের রয়েছে।”