মুক্ত স্বদেশ নাঙ্গলকোটে মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেপ্তার | মুক্ত স্বদেশ

নাঙ্গলকোটে মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেপ্তার


নিউজ ডেস্ক জুলাই ২৬, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন
নাঙ্গলকোটে মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেপ্তার

কুমিল্লার নাঙ্গলকোটে এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২৬ জুলাই) উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের ‘রায়কোট গাঙ্গের পাড় দারুসসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা’য় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত শিক্ষকের নাম হাফেজ বেলাল হোসেন (২৩)। তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার দৌলতপুর গ্রামের আবদুল মতিনের ছেলে এবং ওই মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ভুক্তভোগী শিশুটির স্বজনরা মাদ্রাসায় এসে শিক্ষক বেলাল হোসেনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলেন। উপস্থিত স্থানীয় লোকজনের সামনে ভুক্তভোগী শিশুটি জানায়, শনিবার গভীর রাতে শিক্ষক বেলাল হোসেন তার ওপর এ নির্যাতন চালান। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক ঘটনাটি স্বীকার করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম জানান, শিশুটির ওপর যৌন নির্যাতনের অভিযোগ এনেছে তার পরিবার। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।