মুক্ত স্বদেশ গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করছে বিআরটিএ | মুক্ত স্বদেশ

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করছে বিআরটিএ


নিউজ ডেস্ক জুন ১৫, ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করছে বিআরটিএ

নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ট্র্যাকার ডিভাইস যুক্ত করা বাধ্যতামূলক করছে সরকার। আগামী ১ আগস্ট থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে বলে সম্প্রতি এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএ জানায়, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয় ঘটাতে গত ১১ জুন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, দেশের সব গণপরিবহনে বাধ্যতামূলকভাবে জিপিএস ডিভাইস সংযুক্ত করতে হবে এবং যান চলাচলের সময় তা সার্বক্ষণিকভাবে সচল রাখতে হবে। এই জিপিএস ডিভাইস সংযুক্তির প্রয়োজনীয় কারিগরি বিবরণ বিআরটিএর স্থানীয় কার্যালয় থেকে সরাসরি কিংবা তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২৫ ধারা এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৫৫ বিধি অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম চালুর পর থেকে গণপরিবহনে জিপিএস সংযুক্তির বিষয়টি নিশ্চিত করার পরই কেবল সংশ্লিষ্ট যানের রেজিস্ট্রেশন প্রদান এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে। এর ফলে সড়ক দুর্ঘটনা হ্রাস ও গণপরিবহন মনিটরিং ব্যবস্থা আরও জোরদার হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।