
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু তিন দিনের সফরে নীলফামারী আসছেন।
আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) থেকে ১ আগস্ট (শনিবার) পর্যন্ত তিন দিনব্যাপী এই সফরে তাঁরা জেলার শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। একই সঙ্গে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় এবং উপহার সামগ্রী ও অনুদানের চেক বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন।
এ সফর নিয়ে সাবেক ছাত্রনেতা রায়হানুল হক প্রধান বলেন, “ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ও রেহানা আক্তার রানু এমপি আমাদের জাতীয়তাবাদী রাজনীতির দুই উজ্জ্বল প্রনাম। তাঁদের এই সফর নীলফামারীর তৃণমূল রাজনীতিকে আরও সুসংগঠিত করবে এবং সকল স্তরের মানুষের মাঝে আশার বার্তা পৌঁছাবে।”
নীলফামারী সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া বলেন, “দুই শীর্ষ নেতার এই আগমন ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মাঝে অভূতপূর্ব প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁদের এই উন্নয়নমূলক ও সামাজিক উদ্যোগ নীলফামারীতে জাতীয়তাবাদী শক্তিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করবে।”
ডোমার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতারুজ্জামান সুমন তাঁর মন্তব্যে বলেন, “ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ও রেহানা আক্তার রানু এমপির সফর নীলফামারীর তৃণমূল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে নতুন সাহসের সঞ্চার করেছে। এটি আমাদের রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
৩ দিনের বিস্তারিত সফরসূচি:
প্রথম দিন (৩০ জুলাই, বৃহস্পতিবার):
সকালে ঢাকা থেকে নীলফামারী পৌঁছে তাঁরা মশিউর রহমান কলেজের মসজিদ ও একাডেমিক ভবন এবং খোকশাবাড়ী ইউনিয়নে রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর সদর ইউনিয়ন নেতাদের সাথে মতবিনিময় ও নিলাহাটী মন্দির পরিদর্শন শেষে বিকেলে ‘শাহরিন ইসলাম তুহিন উচ্চ বিদ্যালয়’-এর দ্বিতল ভবনের উদ্বোধন করবেন। পরবর্তীতে ডিমলা উপজেলা হলরুমে উপহার সামগ্রী ও মেধাভিত্তিক চেক বিতরণ এবং ডিমলা হাইস্কুল হলরুমে মতবিনিময় সভায় যোগ দেবেন।
দ্বিতীয় দিন (৩১ জুলাই, শুক্রবার):
সকালে ডালিয়া বাঁধের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করা হবে। দুপুরে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের ঊর্ধ্বমুখী ভবনের উদ্বোধন, উপহার সামগ্রী ও চেক বিতরণ এবং শিক্ষাবিদ রফিকুল ইসলাম চৌধুরী ফাউন্ডেশন উপলক্ষে বৃক্ষরোপণ করবেন। বিকেলে গোমনাতি উচ্চ বিদ্যালয় ও চিলাহাটী ইউনিয়ন কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ এবং নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেবেন।
তৃতীয় দিন (১ আগস্ট, শনিবার):
সকালে নীলফামারী সার্কিট হাউজে আইনজীবী ফোরামের সাথে মতবিনিময় এবং অসুস্থ ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করবেন। দুপুরে পলাশবাড়ী কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা শেষে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
দুই শীর্ষ নেতার এই আগমনকে ঘিরে গোটা নীলফামারী জেলা জুড়ে ব্যাপক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং সোশ্যাল মিডিয়াজুড়ে শুভেচ্ছা বার্তায় ভাসছেন তাঁরা।
আপনার মতামত লিখুন :