মুক্ত স্বদেশ বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা | মুক্ত স্বদেশ

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা


নিউজ ডেস্ক জুলাই ১৯, ২০২৬, ৬:১৬ অপরাহ্ন
বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা

ভারতের উত্তরপ্রদেশের মেরঠে ২০ লাখ রুপির বিমার অর্থ আত্মসাৎ এবং পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে পরিকল্পিতভাবে সাপ দিয়ে কামড়ে হত্যার অভিযোগে এক নারী ও তাঁর প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত অতুল পাওয়ার ও তাঁর স্ত্রী দামিনী মেরঠের হস্তিনাপুরে শিশুদের একটি স্কুল চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দামিনী প্রতিবেশীদের জানান যে তাঁর স্বামী অতুলকে সাপে ছোবল দিয়েছে। এরপর তড়িঘড়ি করে অতুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অতুলের বিছানা থেকে একটি বিষধর সাপ উদ্ধার হওয়ায় প্রাথমিকভাবে ঘটনাটি স্বাভাবিক সর্পদংশন মনে হলেও অতুলের পরিবারের সদস্যদের সন্দেহ হয়।

পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তাদেরই স্কুলের গাড়িচালক তুষারের সঙ্গে দামিনীর প্রেমের সম্পর্ক রয়েছে। এরপর পুলিশ দামিনী ও তুষারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে বেরিয়ে আসে রোমহর্ষক এই হত্যাকাণ্ডের কাহিনী।

জিজ্ঞাসাবাদে জানা যায়, অতুলকে হত্যার পরিকল্পনাটি ছিল দামিনীর। পরিকল্পনা অনুযায়ী, তুষার এক সাপুড়ের কাছ থেকে বিষধর সাপটি কিনে দামিনীকে এনে দেন। বৃহস্পতিবার রাতে দামিনী তাঁর স্বামী অতুলকে ঘুমের ওষুধ মেশানো দুধ খেতে দেন। অতুল গভীর ঘুমে তলিয়ে গেলে দামিনী বিছানায় বিষধর সাপটি ছেড়ে দেন।

পুলিশ জানিয়েছে, মূলত অতুলের নামে থাকা ২০ লক্ষ রুপির জীবন বিমার টাকা হাতিয়ে নেওয়া এবং নিজেদের পরকীয়া সম্পর্ক নির্বিঘ্ন করতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা। অভিযুক্ত দামিনী ও তুষারকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।