
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। অনশনের চতুর্থ দিনে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে প্রেমিক ও তার বাবা-মায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে প্রেমিক আব্দুল্লাহ আল ইমনের (২২) ছোট বোনের মাধ্যমে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি উভয় পরিবারই অবগত ছিল এবং সম্পর্ক চলাকালে ইমন একাধিকবার তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন।
ভুক্তভোগী তরুণীর দাবি, গত ১৭ জুলাই ইমনের ডাকে তিনি মরিচবুনিয়া বাজারে যান। সেখান থেকে ইমন তাকে নিজ বাড়িতে নিয়ে গেলেও তার বাবা-মা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ইমনও তাকে বিয়ে করতে অস্বীকার করেন।
পরবর্তীতে আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে অনশনরত তরুণী নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :