মুক্ত স্বদেশ কাহালুতে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর করুণ মৃত্যু | মুক্ত স্বদেশ

কাহালুতে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর করুণ মৃত্যু


নিউজ ডেস্ক জুলাই ২১, ২০২৬, ৮:২১ অপরাহ্ন
কাহালুতে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর করুণ মৃত্যু

বগুড়ার কাহালুতে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুজনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মুরইল ইউনিয়নের ভলতা গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—ভলতা গ্রামের মো. আবদুলের এক বছর বয়সী ছেলে জাকির এবং একই গ্রামের ফারুক হোসেনের আট বছর বয়সী ছেলে সাইফ ও পাঁচ বছর বয়সী মেয়ে জুরাইয়া। তারা সবাই পরস্পরের নিকটাত্মীয়।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির উঠানে ফুটবল নিয়ে খেলছিল শিশু তিনটি। খেলার একপর্যায়ে বলটি গড়িয়ে পাশের পুকুরে পড়লে তা উদ্ধার করতে গিয়ে অসাবধানতাবশত এক শিশু পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে একে একে অপর দুই শিশুও পানিতে নেমে তলিয়ে যায়।

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা কাহালু ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই প্রতিবেশীরা পানিতে নেমে তিন শিশুকে উদ্ধার করেন। পরে পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করা হয়।

কাহালু ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সবুজ হোসেন ও কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খেলার সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের আবেদন সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করছে।