মুক্ত স্বদেশ পিরোজপুরে জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার, সহায়তার আশ্বাস | মুক্ত স্বদেশ

পিরোজপুরে জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার, সহায়তার আশ্বাস


নিউজ ডেস্ক অগাস্ট ১, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
পিরোজপুরে জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার, সহায়তার আশ্বাস

সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে টানা ভারী বর্ষণে প্লাবিত হয়েছে পিরোজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সর্পন বাড়ি এলাকা। টানা বৃষ্টিতে দেখা দেওয়া তীব্র জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ওই এলাকার প্রায় ২০০ পরিবার বর্তমানে ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অনেক বসতঘরে ইতোমধ্যেই পানি ঢুকে পড়ার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে বেশ কিছু ক্ষতিগ্রস্ত পরিবার পার্শ্ববর্তী একটি বিদ্যালয় ভবনে গিয়ে আশ্রয় নিয়েছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে চরম ভোগান্তিতে থাকা ওই দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

পরিদর্শনকালে তিনি পানিবন্দি মানুষের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং তাদের অভাব-অভিযোগের কথা মনোযোগ দিয়ে শোনেন। একই সঙ্গে জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের মানবিক সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন জলাবদ্ধতাজনিত স্বাস্থ্যঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “জলাবদ্ধতার কারণে এলাকায় ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ার তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। বিষয়টি অনুধাবন করে তাৎক্ষণিকভাবে পিরোজপুর পৌর প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ ও মশার কামড় থেকে বাঁচতে দ্রুত প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে পৌর কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।”

এ সময় জেলা পরিষদ প্রশাসকের সাথে স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দ্রুত পানিনিষ্কাশন করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কার্যকর ও জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন সর্পন বাড়ি এলাকার ভুক্তভোগীরা।