মুক্ত স্বদেশ জৈন্তাপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২ | মুক্ত স্বদেশ

জৈন্তাপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২


নিউজ ডেস্ক অগাস্ট ১, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
জৈন্তাপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২

সিলেটের জৈন্তাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্তত দুজন আহত হয়েছেন।

গত শুক্রবার (৩১ জুলাই) জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে ‘জুলাই পদযাত্রা’ ও পথসভা শেষে সিলেট শহরে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, পুলিশি প্রটোকল থাকা সত্ত্বেও হামলাটি সংঘটিত হয়।

এনসিপির মিডিয়া উইং সূত্রে জানা যায়, হরিপুর বাজারে পথসভা শেষে সিলেট শহরে ফেরার পথে একদল দুর্বৃত্ত হঠাৎ তাদের গাড়িবহরে হামলা চালায়। এ সময় হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করে। এতে ভাঙা কাঁচের আঘাতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি আহত হন। তাদের দুজনের হাত থেকেই রক্তপাত হতে দেখা গেছে।

হামলার ঘটনায় জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ বলেন, “জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী এমন কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে না। আমাদের দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমরাও বিষয়টি খতিয়ে দেখব।”

ঘটনার বিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, তিনি বিষয়টি দেখতে পাননি এবং এ বিষয়ে কিছু বলতে পারছেন না।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে আয়োজিত জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ওপর হামলার ঘটনা ঘটেছিল।