মুক্ত স্বদেশ জুন মাসে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু, শীর্ষে মোটরসাইকেল | মুক্ত স্বদেশ

জুন মাসে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু, শীর্ষে মোটরসাইকেল


নিউজ ডেস্ক জুলাই ১৪, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
জুন মাসে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু, শীর্ষে মোটরসাইকেল

গত জুন মাসে দেশে ৫৩২টি সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত এবং ১ হাজার ৩২৩ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথ ও নৌপথসহ সব মিলিয়ে মোট ৫৯০টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫১৩ জন এবং আহত হয়েছেন ১ হাজার ৩৩৬ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সংগঠনটির দুর্ঘটনা মনিটরিং সেল এই প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বরাবরের মতোই সড়কে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। জুন মাসে ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৩ জন নিহত ও ১৩২ জন আহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার ৩২ দশমিক ৩৩ শতাংশ এবং মোট নিহতের ৩৭ দশমিক ৩৬ শতাংশ।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে; সেখানে ১২৮টি দুর্ঘটনায় ১২৬ জন নিহত ও ৩৭৩ জন আহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে, যেখানে ২৫টি দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে।

সড়ক দুর্ঘটনায় হতাহতদের পেশা ও পরিচয় বিশ্লেষণে দেখা গেছে, নিহতদের মধ্যে ১১১ জন চালক, ৭১ জন পথচারী, ৬০ জন শিক্ষার্থী, ৪৫ জন নারী, ৪৭ জন শিশু, ১১ জন পরিবহন শ্রমিক, ১০ জন শিক্ষক, ৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১ জন প্রকৌশলী এবং ৯ জন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন।

দুর্ঘটনায় জড়িত যানবাহনের মধ্যে সর্বোচ্চ ২৬ দশমিক ৭৯ শতাংশ মোটরসাইকেল এবং ২৫ দশমিক ২৮ শতাংশ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান। এছাড়া মোট দুর্ঘটনার ৪৩ দশমিক ২৩ শতাংশ ঘটেছে মুখোমুখি সংঘর্ষের কারণে এবং ৪৪ parrot দশমিক ৭৩ শতাংশ দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সড়ক পরিবহন মন্ত্রণালয় ও বিআরটিএ-এর কার্যক্রমে দেশি-বিদেশি পরিবহন বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার দাবি জানান। একই সঙ্গে সড়কে প্রযুক্তিনির্ভর নজরদারি ও ই-প্রসিকিউশন ব্যবস্থা দ্রুত চালুর জোর দাবি জানান তিনি।