
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সনাতনী সম্প্রদায়কে জড়িয়ে এই অপপ্রচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
শনিবার দুপুরে জেলা সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেরেবাংলা পার্ক সংলগ্ন বিজয় চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক অন্ন প্রসাদ রায়, পঞ্চগড় জেলা ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক ও সাংবাদিক হরিশ চন্দ্র রায়, বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অজয় কুমার রায়, দীপ্তি রানী রায় ও কল্পনা রানী রায়সহ অনেকে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতৃবৃন্দ পঞ্চগড় প্রেসক্লাবে উপস্থিত হয়ে এক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, “প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে সনাতনী সম্প্রদায়ের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি সব সময় আমাদের আগলে রাখেন। কিন্তু একটি রাজনৈতিক প্রতিপক্ষ ও চক্রান্তকারী গোষ্ঠী এই সুসম্পর্ক সহ্য করতে না পেরে প্রযুক্তির অপব্যবহার করে প্রতিমন্ত্রীর সম্মানহানি করার জঘন্য চেষ্টা চালাচ্ছে।” বক্তারা আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্যা ডিসেন্ট’-এর অনুসন্ধানী প্রতিবেদনেও উঠে এসেছে যে প্রতিমন্ত্রীর ছবির পাশে অন্য এক অমুসলিম নারীর ছবি জোড়া দিয়ে এআই দিয়ে ফেক ভিডিওটি তৈরি করা হয়েছে।
মূলত সনাতনী সম্প্রদায়কে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়ে এলাকায় সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে। প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও বিভ্রান্তিকর ভিডিও তৈরি করে ধর্মীয় অনুভূতি ও সামাজিক সম্প্রীতি নষ্টকারীদের অবিলম্বে শনাক্ত করে কঠোর আইনের আওতায় আনার জোর দাবি জানান সনাতনী সম্প্রদায়ের নেতারা।
আপনার মতামত লিখুন :