
জামালপুরের মেলান্দহে এক প্রবাসীর স্ত্রীর গোপনে গোসল করার দৃশ্য ভিডিও ধারণ ও পরবর্তীতে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে শফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) ভুক্তভোগী নারী মেলান্দহ থানায় মামলা করার পরপরই অভিযুক্ত শফিকুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম শহরের জিন্নাহ মার্কেটের একজন কাপড় ব্যবসায়ী এবং উপজেলার দেওলাবাড়ি সর্দার পাড়া গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ওই সৌদি প্রবাসীর স্ত্রী সন্তান নিয়ে মেলান্দহ পৌর শহরের জনতা ব্যাংক ভবনের তিন তলায় বসবাস করে আসছিলেন। গত বুধবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে ভুক্তভোগী নারী বাথরুমে গোসল করতে গেলে গোপনে কৌশলে তাঁর ভিডিও ধারণ করেন শফিকুল। পরবর্তীতে সেই ভিডিওটি ওই নারীর প্রবাসী স্বামী ও আত্মীয়স্বজনদের কাছে পাঠিয়ে নানাভাবে ভয়ভীতি ও সম্মানহানির অপচেষ্টা চালান তিনি।
ঘটনার বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :