মুক্ত স্বদেশ এমপি গাজী নজরুলের 'দ্বিতীয় স্ত্রী'র বায়োডাটা ঘিরে নতুন রহস্য | মুক্ত স্বদেশ

এমপি গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র বায়োডাটা ঘিরে নতুন রহস্য


নিউজ ডেস্ক জুলাই ২১, ২০২৬, ৮:১১ অপরাহ্ন
এমপি গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র বায়োডাটা ঘিরে নতুন রহস্য

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ভিডিওর তরুণীকে নিজের ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করলেও, বিয়ের পাঁচ দিন পরের একটি বায়োডাটায় ওই তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ পাওয়ার কথা জানা গেছে।

মরিয়ম খাতুন নামের ওই তরুণীর একটি বায়োডাটায় দেখা যায়, গত ২২ জুনে এমপি গাজী নজরুল ইসলামের স্বহস্তে ‘জোর সুপারিশ করছি’ লেখা ও স্বাক্ষর রয়েছে। তবে গাজী নজরুলের দাবি অনুযায়ী, গত ১৭ জুন পারিবারিকভাবে মরিয়মের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পাঁচ দিন পর স্বাক্ষরিত বায়োডাটায় মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ থাকা নিয়ে নতুন করে নানা প্রশ্ন ও আলোচনার সৃষ্টি হয়েছে।

এদিকে, প্রকাশ্যে আসা একটি কাবিননামার সূত্রে জানা যায়, ৩ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়, যেখানে সাক্ষী হিসেবে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের নাম রয়েছে। প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও তরুণীর বাবা মাছুম বিল্লাহ পৃথক বার্তায় বিয়ের বিষয়টি পারিবারিক ও সত্য বলে দাবি করেছেন। মরিয়ম খাতুন নিজেও এক ভিডিও বার্তায় একে স্বামীর বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র বলে উল্লেখ করেন।

এক লিখিত বিবৃতিতে এমপি গাজী নজরুল ইসলাম জানান, ১৩ জুলাই মগবাজারে শ্বশুরের কার্যালয়ে অবস্থানের সময় তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ অপরিচিত ব্যক্তিদের নিয়ে তাদের জিম্মি করে টাকা দাবি করেন। পারিবারিক বিরোধের জেরে ওবায়দুল্লাহ গোপনে তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ায় বলে তার অভিযোগ।

বিয়ের দাবি ও কাবিননামা থাকা সত্ত্বেও বিয়ের পরের বায়োডাটায় ‘অবিবাহিত’ লেখার বৈপরীত্য নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।