
দেশজুড়ে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিতের আন্দোলনকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বা ‘ব্রয়লার মুরগি’র সঙ্গে তুলনা করে ছড়িয়ে পড়া একটি অডিওর প্রতিবাদে এবার ব্যঙ্গাত্মকভাবে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামের একটি অভিনব প্ল্যাটফর্ম চালু করেছেন জেন-জি (নতুন প্রজন্ম) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) ফেসবুকের মাধ্যমে এই অভিনব ও ব্যতিক্রমী প্রতিবাদী প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ ঘটে।
‘আমরা অপমানিত নই, আমরা জাগ্রত’—এমন স্লোগান নিয়ে ফেসবুকে খোলা এই পেজটিতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে যুক্ত হয়েছেন হাজার হাজার অনুসারী। টানা ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সেই আন্দোলনের প্রেক্ষাপটে ক্ষুব্ধ শিক্ষার্থীদের কটাক্ষ করার জবাব দিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই পেজটি খোলা হয়েছে। এখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের নানা ব্যঙ্গাত্মক কনটেন্ট, ট্রল, ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে।
অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছেন, তরুণদের এই প্ল্যাটফর্মটি মূলত ভারতের ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আদলে তৈরি। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি বেকার তরুণদের ‘পরজীবী’ বা ‘ককরোচ’ বলে উল্লেখ করার পর সে দেশে ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে ওই দল গড়ে উঠেছিল, যা পরবর্তীতে প্রশ্নফাঁস ও নিয়োগের নানা অনিয়ম বিরোধী বড় আন্দোলনের রূপ নেয়।
বাংলাদেশেও এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনকে নিয়ে এমন অপমানজনক মন্তব্যের পর তরুণদের এই ব্যঙ্গাত্মক ধারার প্রতিবাদ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তাদের যৌক্তিক দাবিকে উপহাস করার ফল ভালো হবে না এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ও অনলাইনের আন্দোলন চালিয়ে যাবেন।
আপনার মতামত লিখুন :