
চলমান দুর্যোগের কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করা ও শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। দাবি আদায়ে আজ বুধবার (১৫ জুলাই) ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ (শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা) কর্মসূচি পালন করবেন তারা।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা তিনটার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। এরপর তারা সড়ক থেকে সরে যান।
আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা জানান, তাদের এই আন্দোলন কেবল রাজধানীর নয়, বরং দেশের সব কলেজের পরীক্ষার্থীদের স্বার্থে। দেশের বিভিন্ন অঞ্চলে চলমান প্রাকৃতিক দুর্যোগের কারণে সব শিক্ষার্থীর পক্ষে সমানভাবে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। তাই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে অবিলম্বে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফা দাবি হলো:
১. প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা।
২. বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ দেওয়া।
৩. আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
এদিকে এই তিন দফা দাবিতে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ব্যাপক বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। দুপুরের দিকে তারা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সেখানে ছাত্রদলের নেতা-কর্মীদেরও অবস্থান নিতে দেখা যায়।
এর আগে দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে তারা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ সহ নানা স্লোগান দেন। দুপুরের দিকে তারা সড়ক ছাড়লেও বিকেল পৌনে চারটার দিকে আবারও সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। ফলে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা।
উল্লেখ্য, গত সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কলেজ নেটওয়ার্ক’ নামের একটি ফেসবুক পেজে প্রথমে এই আন্দোলনের ডাক দেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন কলেজভিত্তিক গ্রুপ ও পেজে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন।
আপনার মতামত লিখুন :