
ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় গ্যারেজে থাকা ১১টি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং সংলগ্ন একটি মুদির দোকানের মালামাল ও ফ্রিজ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর এলাকার ইদ্রিস অটো গ্যারেজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে গ্যারেজে অটোরিকশাগুলো চার্জে লাগানো ছিল। এ সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভালুকা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
১৪ জন ফায়ার সার্ভিস কর্মীর প্রায় এক ঘণ্টার অক্লান্ত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে গ্যারেজে থাকা ১১টি অটোরিকশা, ১টি মোটরসাইকেল এবং পাশের মুদির দোকানের যাবতীয় মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের তৎপরতায় আশপাশের এলাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্র আরও জানায়, ক্ষতিগ্রস্ত গ্যারেজটির কোনো বৈধ ফায়ার লাইসেন্স ছিল না।
এ বিষয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে নিরূপণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :