
কিশোরগঞ্জের মিঠামইনে রান্নার সময় গ্যাসের চুলা থেকে আগুন লেগে দুই তলা টিনশেডের একটি বসতঘর ও সারের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও সময়োপযোগী তৎপরতায় প্রায় ১০ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় মিঠামইন ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশনের লিডার রুস্তম আলীর নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। দীর্ঘ প্রায় দুই ঘণ্টার যৌথ প্রচেষ্টায় দুপুর ২টা ২৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশনের লিডিংম্যান তানভীর হাসান জানান, রান্নার সময় গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত দুই তলা টিনশেড ভবনটিতে মোট ১৫টি কক্ষ ছিল, যেখানে বসতঘরের পাশাপাশি সারের গুদামও ছিল।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের সাহসিকতা ও দ্রুত পদক্ষেপে আশপাশের আরও প্রায় ১০ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।
আপনার মতামত লিখুন :