মুক্ত স্বদেশ স্বপ্ন থমকে গেছে দুর্ঘটনায়, বাঁচতে চায় সোনিয়া | মুক্ত স্বদেশ

স্বপ্ন থমকে গেছে দুর্ঘটনায়, বাঁচতে চায় সোনিয়া


নিউজ ডেস্ক মে ১০, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
স্বপ্ন থমকে গেছে দুর্ঘটনায়, বাঁচতে চায় সোনিয়া

দরিদ্র কৃষক পরিবারের সন্তান সোনিয়া লষ্কর। ছোটবেলা থেকেই মানুষের সেবা করার স্বপ্ন বুকে নিয়ে পড়ালেখা করে ভর্তি হয়েছিলেন একটি বেসরকারি নার্সিং কলেজে। পড়াশোনায় ছিলেন অত্যন্ত মনোযোগী। কিন্তু একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা থামিয়ে দিয়েছে তার স্বপ্নের পথচলা। এখন জীবন বাঁচাতে জরুরি অপারেশনের জন্য সকলের কাছে সহায়তার আকুল আবেদন জানিয়েছেন এই তরুণী।

২১ বছর বয়সী সোনিয়া লষ্কর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তাজপুর গ্রামের কৃষক ছায়েদ লষ্করের একমাত্র মেয়ে। সামান্য আয়ে কোনোমতে সংসার চালানো বাবার স্বপ্ন ছিল মেয়ে বড় হয়ে নার্স হবে, মানুষের সেবা করবে। সোনিয়াও সেই লক্ষ্যেই নিজেকে গড়ে তুলছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর প্রথম বর্ষের ক্লিনিক্যাল প্রাক্টিস শেষে বাসায় ফেরার পথে সোনিয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। মোটরসাইকেলে থাকাকালীন বিপরীত দিক থেকে আসা একটি মুরগি বোঝাই ভ্যানের সঙ্গে সংঘর্ষে তিনি ছিটকে পড়েন। এতে তার মেরুদণ্ড (স্পাইন) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ভেঙে গিয়ে ‘স্কোলিওসিস’ নামক জটিলতার সৃষ্টি হয়।

দুর্ঘটনার পর তাকে দ্রুত ঢাকা ও কুষ্টিয়ার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়। তবে দীর্ঘ ৪ মাস চিকিৎসার পরও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, সোনিয়ার মেরুদণ্ডে গুরুতর জটিলতা রয়েছে এবং দ্রুত অপারেশন করা জরুরি। অপারেশন না করালে তিনি স্থায়ীভাবে প্যারালাইসড (পঙ্গু) হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন। বর্তমানে তিনি অসহনীয় যন্ত্রণায় দিন কাটাচ্ছেন এবং তার স্বাভাবিক চলাফেরা প্রায় বন্ধ হয়ে গেছে।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ তৌহিদুল হাসান তুহিন এ বিষয়ে বলেন, “এই ধরনের জটিলতা অপারেশন ছাড়া ভালো হওয়া সম্ভব নয়। এ চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। আমাদের সবার উচিত সোনিয়ার পাশে দাঁড়ানো।”

এদিকে দরিদ্র কৃষক বাবার পক্ষে মেয়ের এই ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে। সংসারের দৈনন্দিন খরচ মেটাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে অপারেশনের বিশাল অংকের টাকা জোগাড় করা তাদের কাছে পাহাড়সম বাধা।

একদিন যার স্বপ্ন ছিল অসুস্থ মানুষের সেবা করা, আজ তিনি নিজেই বাঁচার জন্য অন্যের সাহায্যের অপেক্ষায়। সোনিয়া ও তার পরিবার বিশ্বাস করেন, সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষরা এগিয়ে এলে সোনিয়া আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। সোনিয়ার জীবন বাঁচাতে তার পরিবার দেশের সকল দানশীল ও মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে।