
বগুড়ার করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প সংক্রান্ত এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। নদীর তীর রক্ষা, দীর্ঘমেয়াদি ড্রেনেজ ব্যবস্থা, পানির স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিতকরণ, সেচ সুবিধা বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ, দখল-দূষণ প্রতিরোধ ও শহরের সৌন্দর্য বৃদ্ধির কর্মপরিকল্পনা নিয়ে সভায় নানামুখী মতামত তুলে ধরেন বক্তারা। শহরের ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনাসহ নদীর তীর রক্ষায় একটি পরিকল্পিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্পের ওপর মতামত প্রদানকালে বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। নদী রক্ষায় যেকোনো ধরনের দখল ও দূষণ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিশদ আলোচনা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প কৃষি ও পরিবেশ রক্ষায় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামান, বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান এবং মহানগর বিএনপির সভাপতি অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এদিকে একই দিনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) বগুড়ার সহযোগিতায় জেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে। ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ শীর্ষক ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
আপনার মতামত লিখুন :