মুক্ত স্বদেশ নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবনে দুর্বৃত্তের আগুন | মুক্ত স্বদেশ

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবনে দুর্বৃত্তের আগুন


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবনে দুর্বৃত্তের আগুন

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ে অবস্থিত মনোরম কাশবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত আটটার দিকে দুর্বৃত্তরা কাশবনের একটি অংশে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে লেকের পাড়ের কাশবনে আগুন জ্বলতে দেখে নিরাপত্তাকর্মীরা দ্রুত সেখানে ছুটে যান এবং আগুন নেভান। আগুনে কাশবনের একটি অংশ পুড়ে গেলেও তা দ্রুত নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। তবে এই আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা জানান, কে বা কারা এই নাশকতামূলক কাজের সাথে জড়িত, তা তারা দেখতে পাননি। বিষয়টি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম প্রধান আকর্ষণ হলো এই লেকের পাড়ের কাশবন। প্রতিদিন এখানে দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থী ও শিক্ষার্থীদের ভিড় জমে। হঠাৎ কাশবনে আগুন দেওয়ার এই ঘটনায় শিক্ষার্থী ও সৌন্দর্যপিপাসু সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা আক্তার মোহ বলেন, “অনেক সৌন্দর্যপিপাসু মানুষ প্রতিদিন ক্যাম্পাসের কাশবনে আসেন। এই সৌন্দর্য যাদের ভালো লাগেনি, মূলত তারাই এই জঘন্য কাজটি করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, “মঙ্গলবার রাত আটটার দিকে দুর্বৃত্তরা কাশবনে আগুন ধরিয়ে দিয়েছিল। তবে আমাদের নিরাপত্তাকর্মীরা দ্রুত চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হন। পুরো বিষয়টি আমরা গুরুত্বের সাথে তদন্ত করে দেখছি।”