মুক্ত স্বদেশ পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবা বাড়াতে পিরোজপুর জেলা পরিষদের অনুদান | মুক্ত স্বদেশ

পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবা বাড়াতে পিরোজপুর জেলা পরিষদের অনুদান


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৬:১২ অপরাহ্ন
পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবা বাড়াতে পিরোজপুর জেলা পরিষদের অনুদান

পিরোজপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সামগ্রী ও বর্জ্য অপসারণের জন্য যানবাহন হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সহায়তা প্রদান করেন। তিনি জানান, হাসপাতালে প্রতিদিন ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী সেবা নিতে আসেন। অতিরিক্ত রোগীর চাপ সামলানো এবং হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জেলা পরিষদ সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

অনুষ্ঠানে জেলা পরিষদের অনুদান থেকে মোট ১০টি মানসম্মত অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। এর মধ্যে পিরোজপুর সদর হাসপাতালে ৭টি, জেলা হার্ট ফাউন্ডেশনে ২টি এবং জেলা ডায়াবেটিক সমিতিতে ১টি সিলিন্ডার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এছাড়া হাসপাতালের চিকিৎসাবর্জ্য দ্রুত ও নিয়মমাফিক অপসারণের জন্য ৫টি আধুনিক গার্বেজ ট্রলি ও ১টি বিশেষ গার্বেজ ভ্যান প্রদান করা হয়।

অকার্যকর ‘অক্সিজেন লাইন’ নিয়ে ক্ষোভ:
বিতরণ অনুষ্ঠান চলাকালে বক্তব্যে হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থার চরম অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি অভিযোগ করে বলেন, “বিগত ১৭ বছরে বিপুল অর্থ ব্যয় করে পিরোজপুর সদর হাসপাতালে যে অক্সিজেন ফ্লো লাইনটি নির্মাণ করা হয়েছিল, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে তা বর্তমানে সম্পূর্ণ অকার্যকর ও অমেরামতযোগ্য অবস্থায় পড়ে আছে।” গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) প্রকৌশলীদের বরাতে তিনি এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের অনুসন্ধান চালিয়ে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের আহ্বান জানান।

অনুষ্ঠানে পিরোজপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নিজাম উদ্দিন, ডা. শিশির রঞ্জন অধিকারীসহ জেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত কর্মকর্তা ও চিকিৎসকেরা আশা প্রকাশ করেন, জেলা পরিষদের সরবরাহ করা এসব আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও পরিচ্ছন্নতা উপকরণের মাধ্যমে হাসপাতালটির সেবার গতি আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ রোগীরা এর প্রত্যক্ষ সুফল পাবেন।