মুক্ত স্বদেশ মানিকগঞ্জে স্ত্রীর টানে আত্মহত্যার পথ বেছে নিলেন জীবন | মুক্ত স্বদেশ

মানিকগঞ্জে স্ত্রীর টানে আত্মহত্যার পথ বেছে নিলেন জীবন


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন
মানিকগঞ্জে স্ত্রীর টানে আত্মহত্যার পথ বেছে নিলেন জীবন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন জোরপূর্বক নিয়ে যাওয়ায় অভিমান ও ক্ষোভে নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জীবন (২০) নামের এক যুবক। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সন্ধ্যায় উপজেলার আঙ্গারিয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহত জীবন ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে জীবন ও মিম (১৬) পালিয়ে বিয়ে করে সিংগাইরের আঙ্গারিয়া এলাকায় জীবনের নিজ বাড়িতে বসবাস করছিলেন। বিষয়টি জানতে পেরে মিমের পরিবারের লোকজন দলবেধে সেখানে উপস্থিত হন এবং তাকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় জীবন তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন।

চোখের সামনে স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন জোর করে নিয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ ও হতাশায় ভেঙে পড়েন জীবন। পরে সবার অগোচরে নিজের শরীরে পেট্রল ঢেলে তিনি আগুন ধরিয়ে দেন। এতে তার শরীরের বিভিন্ন অংশ গুরুতর দগ্ধ হয়।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করেন।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।