মুক্ত স্বদেশ ধনবাড়ীতে বিলাসী জীবনের অন্তরালে মাদক কারবার: দম্পতি আটক | মুক্ত স্বদেশ

ধনবাড়ীতে বিলাসী জীবনের অন্তরালে মাদক কারবার: দম্পতি আটক


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৫:৫২ অপরাহ্ন
ধনবাড়ীতে বিলাসী জীবনের অন্তরালে মাদক কারবার: দম্পতি আটক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করা ছবি ও ভিডিওতে দেখা যেত বিলাসবহুল হোটেলে অবস্থান, ঘোরাঘুরি ও জাঁকজমকপূর্ণ জীবনযাত্রার নানা মুহূর্ত। প্রতি মাসেই স্বামী-স্ত্রী মিলে ধনবাড়ী থেকে কক্সবাজারে ছুটে যেতেন এবং সেখানকার অভিজাত হোটেলে থাকতেন। দেখে মনে হতো, তাদের জীবনযাত্রা যেন কোনো চলচ্চিত্রের দৃশ্যকেও হার মানায়।

কিন্তু পুলিশি অভিযানের পর সেই চাকচিক্যময় জীবনের পেছনের আসল বাস্তবতা বেরিয়ে এসেছে। ধনবাড়ী থানা পুলিশ হেরোইন ও ইয়াবাসহ ওই দম্পতিকে গ্রেপ্তার করার পর এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধনবাড়ী পৌর এলাকার ধোপাপাড়ায় ওই দম্পতির বসবাস। তাদের পরিবারের উপার্জনের মূল উৎস মূলত গার্মেন্টস শ্রমিকের কাজ। সীমিত আয়ের একটি পরিবারের সন্তান হয়ে এমন বিলাসী জীবনযাপন এবং ঘন ঘন কক্সবাজার ভ্রমণ নিয়ে এলাকাবাসীর মনে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছিল।

মাদকসহ হাতেনাতে ধরা পড়ার পর বর্তমানে তাদের ঠাঁই হয়েছে কারাগারে। একদিকে সামাজিক মাধ্যমে জাঁকজমকপূর্ণ জীবনের প্রদর্শনী, অন্যদিকে আড়ালে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা—এই বৈপরীত্য এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগের জন্ম দিয়েছে।

সচেতন মহল মনে করছেন, এ ঘটনা সমাজে মাদকের ভয়াবহ বিস্তারের চিত্রকে নতুন করে সামনে এনেছে। মাদকাসক্তি বা মাদক কারবার আজ নির্দিষ্ট কোনো শ্রেণি বা বয়সসীমার মধ্যে আবদ্ধ নেই, বরং তা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। ফেসবুকের চাকচিক্যময় ছবির আড়ালে থাকা মাদকের এই অন্ধকার বাস্তবতা কেবল একটি পরিবারের সংকট নয়, বরং তা সমগ্র সমাজের জন্যই এক গুরুতর হুঁশিয়ারি। মাদকের বিরুদ্ধে পরিবার, সমাজ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত সচেতনতা ও কার্যকর পদক্ষেপই এখন সময়ের দাবি।