
এক হাতে নাতনির ছবি, অন্য হাতে ব্যাগ নিয়ে ৭১ বছরের বৃদ্ধ ইসমাইল শেখ মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। কোথাও যদি একটু খবর পাওয়া যায় তাঁর আদরের নাতনির! কিন্তু এক মাস পেরিয়ে গেলেও ১০ বছরের শিশু রিথি আক্তারের কোনো সন্ধান মেলেনি। গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের লাকচতল ভিটিপাড়া গ্রামে চলছে স্বজনদের কান্নার রোল।
নিখোঁজ রিথি আক্তার লাকচতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গত ২৯ আগস্ট বিকেল চারটার দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় পরিবার শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে রিথির বাবা শাহাদাত হোসেন ও মা জোনাকি আক্তারের বিচ্ছেদ হয়। এরপর রিথির মা অন্যত্র বিয়ে করে চলে যান। সেই থেকে রিথি ও তার বড় বোন স্মৃতি আক্তার নানা ইসমাইল শেখ ও নানি নুরজাহান বেগমের কাছেই বড় হচ্ছিল।
পরিবারের ভাষ্যমতে, নিখোঁজ হওয়ার দিন দুপুরে হাঁসের বাচ্চা খুঁজে না পাওয়াকে কেন্দ্র করে নানির সঙ্গে রিথির কিছুটা মনোমালিন্য হয়। পরে প্রতিবেশীর এক শিশুর কাছে অভিমানের কথা বলে সে বিকেলে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি।
রিথির নানা ইসমাইল শেখ জানান, অসুস্থ শরীর নিয়েও প্রতিদিন তিনি নাতনির ছবি হাতে বিভিন্ন জায়গায় ছুটে বেড়ান। কবিরাজ থেকে শুরু করে পরিচিত-অপরিচিত নানা ঠিকানায় গেলেও কেউ নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। নাতনির পরনের কাপড় ও স্কুলব্যাগ দেখিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি। অসুস্থ নানি নুরজাহান বেগমও নাতনির শোকে দিশেহারা।
স্থানীয়রা জানান, রিথি অত্যন্ত শান্ত স্বভাবের ও মেধাবী একটি শিশু ছিল। তার এই আকস্মিক নিখোঁজে পুরো এলাকায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, সাধারণ ডায়েরির আলোকে শিশুটিকে উদ্ধারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :