
কারিগরি সমীক্ষার কাজ শেষ হলেই আগামী অর্থবছর থেকে বহুল কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর দুই পাড়ের প্রায় দুই কোটি মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আসবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘গত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া হয়েছিল। এর ফলে কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতিই নয়, বিভিন্ন দপ্তরেও অনিয়ম ও দুর্নীতি এখনো রয়ে গেছে। বর্তমান সরকার এসব অনিয়ম দূর করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রশাসন ও সাধারণ জনগণ একসঙ্গে মিলে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও দৃশ্যমান উন্নতি ঘটবে।
কুড়িগ্রাম জেলার মানুষের কর্মসংস্থান সৃষ্টি প্রসঙ্গে ত্রাণমন্ত্রী জানান, এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক সচ্ছলতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বিভিন্ন নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি সরকারের প্রতি জনসাধারণের আস্থা আরও সুদৃঢ় হবে।
উপজেলা প্রশাসনের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :