
কুমিল্লার দেবীদ্বারে বাঁশঝাড়ের মালিকানা নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে শফিকুল ইসলাম (৪৫) নামের এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের এনু মেম্বারের বাড়ির বাঁশঝাড়ে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
নিহত শফিকুল ইসলাম বারুর গ্রামের মৃত মহাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন এবং বাঁশ দিয়ে ওড়া, খাঁচি, চালুনিসহ বিভিন্ন হস্তশিল্প তৈরি করে বাজারে বিক্রি করে সংসার চালাতেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে শফিকুল ইসলাম নিজ বাড়ির পাশের বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে যান। এ সময় প্রতিবেশী মৃত এনু মেম্বারের ছেলে লিমন (৪৭) ও লিমনের বড় ভাই নজরুল ইসলামের ছেলে নিশাদ (২৬) তাকে বাঁশ কাটতে বাধা দেয়। শফিকুল নিজের বাঁশঝাড় দাবি করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে নিশাদ হাতুড়ি দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে শফিকুলকে আহত করে। পরে লিমন তার হাতে থাকা ছুরি দিয়ে শফিকুলের পেটে সজোরে আঘাত করলে তার ভুঁড়ি বের হয়ে যায়।
এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত শফিকুলের পেট থেকে বের হয়ে যাওয়া অংশ গামছা দিয়ে পেঁচিয়ে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী নার্গিস আক্তার কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘‘আমার চোখের সামনে লিমন ও নিশাদ হাতুড়ি দিয়ে পিটিয়ে আমার স্বামীর হাত থেঁতলে দেয় এবং দা ও ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। আমি স্বামী হত্যার বিচার চাই।’’
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ‘‘বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘাতে শফিকুল নামের এক দিনমজুর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’’
আপনার মতামত লিখুন :