
রংপুর নগরীর যেসব বাসা-বাড়িতে ডিজিটাল মিটার অপসারণ করে প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে, অবিলম্বে তা প্রত্যাহার করে পুনরায় ডিজিটাল মিটার সংযোগ দেওয়ার দাবি জানিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি। সংগঠনটি বলছে, প্রিপেইড মিটারের দুঃসহ বোঝা জনগণ আর বহন করতে পারছে না এবং নতুন করে কোনো বাসায় এই মিটার স্থাপন করা চলবে না।
রবিবার (২৭ সেপ্টেম্বর) আদালত চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে সামগ্রিক বিষয়ে আলোকপাত করে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আব্দুল জব্বার সরকার, এবিএম মসিউর রহমান, বিজয় প্রসাদ তপু, মাহবুব আলম, সবুজ রায়, সানজিদা আক্তার, কনক রহমান, রেদোয়ান ফেরদৌস প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২২ জুলাই ভুক্তভোগী গ্রাহকরা বাদী হয়ে জেলা প্রশাসকসহ নেসকোর ৬ কর্মকর্তাকে বিবাদী করে নগরীর বাসা-বাড়িতে প্রিপেইড মিটার প্রতিস্থাপনের কার্যক্রমকে অবৈধ ও বেআইনি ঘোষণা চেয়ে একটি মোকদ্দমা করেন। রোববারের ওই মামলার শুনানির দিন ধার্য থাকলেও বিবাদীদের বরাবরে সমন জারি না হওয়ায় দিন পেছানো হয়। এ সময় আদালতের সমন জারির দায়িত্বে নিয়োজিত জারিকারকদের অবহেলার কঠোর সমালোচনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন থেকে গণবিরোধী প্রিপেইড মিটার বাতিল, বিদ্যুৎ খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, বিদ্যুতের দাম কমানো, বিদ্যুৎ খাত বেসরকারীকরণের তৎপরতা বন্ধ এবং গ্রাহকদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। পাশাপাশি এসব দাবিতে আগামী দিনে ভুক্তভোগী গ্রাহকদের গণস্বাক্ষর সংগ্রহ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্যসূচিসহ কঠোর ধারাবাহিক আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
আপনার মতামত লিখুন :