মুক্ত স্বদেশ মেসির গোল ও জয়েই বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি আর্জেন্টিনার | মুক্ত স্বদেশ

মেসির গোল ও জয়েই বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি আর্জেন্টিনার


নিউজ ডেস্ক জুন ১০, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
মেসির গোল ও জয়েই বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের ২৩তম আসর শুরুর আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। ঠিক সেই সময়ে নিজেদের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে ভালোভাবেই প্রস্তুতি সেরেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যেখানে অধিনায়ক লিওনেল মেসির জন্য বিষয়টা দাঁড়িয়েছে এমন– এলাম, গোল করলাম এবং বড় জয় নিশ্চিত করলাম। আলবিসেলেস্তেরাও কাতার বিশ্বকাপের পর প্রথম ইউরোপীয় দেশ হিসেবে আইসল্যান্ডের মুখোমুখি হয়ে ৩-০ ব্যবধানের সহজ জয় তুলে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের আলাবামার জর্ডান-হারে স্টেডিয়ামে আজ (বুধবার) সকালে মাঠে নেমে লিওনেল স্কালোনির দল সবদিক থেকেই আধিপত্য দেখিয়েছে। পুরো ম্যাচে ৬৩ শতাংশ বল পজেশন নিজেদের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি আইসল্যান্ডের গোলবার লক্ষ্য করে ১৫টি শট নেয় আলবিসেলেস্তেরা, যার মধ্যে ৭টিই ছিল লক্ষ্যে। বিপরীতে আইসল্যান্ডের ৬টি শটের মধ্যে স্রেফ একটি লক্ষ্যে ছিল। পেনাল্টি থেকে মেসির গোল ছাড়া আর্জেন্টিনার হয়ে বাকি দুটি গোল করেছেন ভ্যালেন্টিন বার্কো ও থিয়াগো আলমাদা।

আমেরিকান ক্লাব ইন্টার মায়ামি থেকে চোট নিয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়া মেসিকে বিশ্বকাপের শুরু থেকে পাওয়া নিয়ে প্রথমে কিছুটা অনিশ্চয়তা ছিল। তবে সেই শঙ্কা তিনি দ্রুতই কাটিয়ে উঠেছেন। অবশ্য তাকে আজ কখন মাঠে নামানো হবে, তা নিশ্চিত করে বলতে পারছিলেন না কোচ স্কালোনিও। ম্যাচের ৬৯ মিনিটে জিউলিয়ানো সিমিউনের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। পিচে আসার খানিক বাদেই একটি রক্ষণচেরা পাস বাড়ান আর্জেন্টাইন খুদে জাদুকর, যা ধরে লাউতারো মার্টিনেজ গোলের দ্বারপ্রান্তে পৌঁছে যান। কিন্তু চিপ করার আগমুহূর্তে আইসল্যান্ডের গোলরক্ষক তাকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করতে কোনো ভুল করেননি আর্জেন্টাইন অধিনায়ক। মাঠে নামার মাত্র দুই মিনিটের ব্যবধানেই স্পটলাইটে চলে আসেন মেসি।

এর আগে ম্যাচের শুরুতে আইসল্যান্ড ভালো একটি সুযোগ তৈরি করলেও সেটিকে গোলে পরিণত করতে পারেনি। তবে ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকেই আর্জেন্টিনার হাতে ছিল। দলগত অবদানেই বিশ্বকাপের অন্যতম শীর্ষ ফেভারিটরা লিড নেয় ম্যাচের ৮ম মিনিটে। হোসে ম্যানুয়েল লোপেজ ফাউলের শিকার হলে বক্সের সামনে থেকে জিওভান্নি লো সেলসোর ফ্রি-কিক পান ফাকুন্দো মেদিনা। তার ক্রস কয়েকজন খেলোয়াড়ের পা ঘুরে বার্কোর সামনে এলে জটলার মাঝ দিয়ে জোরালো শটে বল জালে জড়ান তিনি। জাতীয় দলের জার্সিতে এটি বার্কোর দ্বিতীয় গোল।

১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতির আগপর্যন্ত আর্জেন্টিনা একের পর এক আক্রমণ চালিয়ে যায়। আইসল্যান্ড কিছু পাল্টা আক্রমণ করার চেষ্টা করলেও তা আর্জেন্টিনার রক্ষণভাগে এসে মুখ থুবড়ে পড়ে। প্রথমার্ধের একই ধারায় দ্বিতীয়ার্ধেও আধিপত্য দেখায় স্কালোনির শিষ্যরা। যদিও দলের তারকা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ কয়েকটি সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। এরপর ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে মেসি মাঠে নেমে পেনাল্টিতে গোল করে বাকি সময়টুকু নিজের করে নেন।

ম্যাচের ৮৬ মিনিটে দলের তৃতীয় গোল ও আইসল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠোকেন আলমাদা। মেসির বাড়ানো পাস ধরে ডি-বক্সে বল বাড়ান রদ্রিগো ডি পল, আর সেখান থেকে আলতো ছোঁয়ায় কার্যকর ফিনিশিং দেন আলমাদা। আগামী ১৭ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে ৩-০ ব্যবধানের এই দুর্দান্ত জয় নিশ্চিতভাবেই আর্জেন্টিনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।