মুক্ত স্বদেশ ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল কার্যকর | মুক্ত স্বদেশ

১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল কার্যকর


নিউজ ডেস্ক জুন ১১, ২০২৬, ১:৪৩ অপরাহ্ন
১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল কার্যকর

আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বা বেতন কাঠামো কার্যকর করতে যাচ্ছে সরকার। দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন এই বেতন কাঠামো আসতে যাচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় এই ঐতিহাসিক ঘোষণা দেবেন।

তবে নতুন এই বেতন কাঠামো একবারে নয়, বরং ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পূর্ণাঙ্গভাবে এটি কার্যকর হতে তিন অর্থবছর সময় লাগতে পারে। এর মধ্যে আগামী অর্থবছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সংশোধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন বাজেটে জনসেবা খাতে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ দিতে পারে সরকার। এই বরাদ্দ চলতি অর্থবছরের মূল বাজেটের (৭২ হাজার ২৪ কোটি টাকা) তুলনায় ৯৬ শতাংশ এবং সংশোধিত বাজেটের (৮৬ হাজার ৮৬২ কোটি টাকা) তুলনায় প্রায় ৫৫ হাজার কোটি টাকা বা ৬৩ শতাংশ বেশি।

অবশ্য এই বিশাল বরাদ্দের পুরো অর্থ শুধু সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন ও ভাতার পেছনে ব্যয় হবে না। এর মধ্যে নতুন জনবল নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বর্ধিত বেতন-ভাতা এবং পেনশনভোগীদের জন্য অতিরিক্ত সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।