মুক্ত স্বদেশ আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল | মুক্ত স্বদেশ

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল


নিউজ ডেস্ক জুন ১১, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন
আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. আবুল হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

অধিদপ্তরের আদেশে বলা হয়েছে, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালের একটি ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনে উঠে আসে যে, ওই ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা ছিল এবং নবজাতকদের মৃত্যুর পেছনে হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা দায়ী। এই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর।

নোটিশের জবাব দেওয়ার জন্য প্রথমে ৭২ ঘণ্টা সময় দেওয়া হলেও হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আরও ৪৮ ঘণ্টা সময় বাড়ানো হয়। গত ৯ জুন হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত জবাব দাখিল করে। তবে তাদের দেওয়া ব্যাখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে সন্তোষজনক মনে হয়নি। ফলে ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’ এর ১১(২)(খ) ধারা অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়। অবশ্য সংশ্লিষ্ট অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী, লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আপিল করার সুযোগ পাবে হাসপাতাল কর্তৃপক্ষ।