মুক্ত স্বদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান | মুক্ত স্বদেশ

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান


নিউজ ডেস্ক জুন ১৩, ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে অধস্তন আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় পাস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। শুক্রবার রাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ সংক্রান্ত ফল প্রকাশ করা হয়। পরে, জাইমা রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে এক বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

সেখানে জাইমা রহমান লেখেন, “আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন প্র্যাক্টিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।” জানা গেছে, এবারের পরীক্ষায় জাইমা রহমান বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে অংশ নিয়েছিলেন।

এবারের এমসিকিউ পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন। এর মধ্যে প্রথম ধাপে মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। নিয়ম অনুযায়ী, এমসিকিউ, লিখিত ও মৌখিক—এই তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণরাই চূড়ান্তভাবে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হবেন। এই পরীক্ষায় উত্তীর্ণরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ব্যতীত দেশের অন্যান্য আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হওয়ার সুযোগ পাবেন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি এই পুরো পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দিয়ে থাকে।