
আর্জেন্টিনার জার্সি পরে চেম্বারে এলে অর্ধেক ফিতে চিকিৎসার ঘোষণার পর, এবার দলটির সমর্থকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন সুনামগঞ্জের আরেক চিকিৎসক।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (বিসিএস ডেন্টাল সার্জন) ডা. শরীফ হোসাইন এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। গত শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আর্জেন্টিনা সমর্থকদের জন্য বিশেষ এই সুবিধার ঘোষণা দেন তিনি।
ঘোষণা অনুযায়ী, আর্জেন্টিনার খেলা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে তার ব্যক্তিগত চেম্বারে সমর্থকদের জন্য বিনামূল্যে চিকিৎসাপরামর্শ ও বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে। আর্জেন্টিনার জার্সি পরে অথবা দলটির সমর্থক পরিচয়ে তার চেম্বারে আসা রোগীরা সম্পূর্ণ বিনা ভিজিটে দাঁত ও মুখের বিভিন্ন রোগের পরামর্শ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি দন্ত চিকিৎসার (ডেন্টাল প্রসিডিউর) ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হবে।
ডা. শরীফ হোসাইন জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতেই তার এই ব্যতিক্রমী উদ্যোগ।
তিনি বলেন, “খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। সেই আনন্দের অংশীদার হতেই আমি আর্জেন্টিনা সমর্থকদের জন্য এ বিশেষ সুবিধার ব্যবস্থা করেছি। সুস্থ ও সুন্দর হাসিই আমাদের কাম্য।” তার এই অভিনব ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্থানীয়ভাবেও প্রশংসিত হচ্ছে।
এর আগে পটুয়াখালীর চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান আর্জেন্টিনার জার্সি পরা রোগীদের অর্ধেক ফিতে চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন।
আপনার মতামত লিখুন :