
অন্তর্বর্তীকালীন সরকার মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স বা শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে। এখন থেকে মোবাইল আমদানির ক্ষেত্রে কাস্টমস ডিউটি ২৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ কার্যকর হবে।
১ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
শফিকুল আলম বলেন, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। একই সঙ্গে দেশে উৎপাদিত ফোনের ক্ষেত্রেও ট্যাক্স সুবিধা দেওয়া হয়েছে। আমদানি করা ফোন: কাস্টমস ডিউটি ২৫% থেকে কমিয়ে ১০% করা হয়েছে। দেশে উৎপাদিত ফোন: ট্যাক্স ১০% থেকে কমিয়ে ৫% করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে বিদেশ থেকে প্রচুর পরিমাণে ব্যবহৃত (ইউজড) মোবাইল ফোন আনা হয়, যা পরবর্তী সময়ে কিছুটা মেরামত করে বিক্রি করা হয়। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হন এবং সরকারও বিপুল পরিমাণ রাজস্ব হারায়। শুল্ক কমানোর এই পদক্ষেপের ফলে দেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং বাজারে মানসম্মত ফোনের দাম কমে আসবে বলে আশা করছে সরকার।
আপনার মতামত লিখুন :