মুক্ত স্বদেশ আশুলিয়ায় চার্জে থাকা মোবাইল বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু | মুক্ত স্বদেশ

আশুলিয়ায় চার্জে থাকা মোবাইল বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু


নিউজ ডেস্ক জুন ১৫, ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
আশুলিয়ায় চার্জে থাকা মোবাইল বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

ঢাকার আশুলিয়ায় চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মিজানুর রহমান ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নোয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় থেকে তৈরি পোশাকের স্টক লটের ব্যবসা করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে আশুলিয়ার রশিদ মার্কেট সংলগ্ন এলাকায় আলীমের ভাড়া বাড়িতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রাতে দুটি মোবাইল ফোন চার্জে লাগানো অবস্থায় ব্যবহার করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে ঘরে আগুন ধরে যায় এবং মিজানুর রহমান মারাত্মকভাবে দগ্ধ হন। এ সময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রুমের বারান্দার তালা ভেঙে তাকে উদ্ধার করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণের তীব্রতায় ঘরের আসবাবপত্র পুড়ে যায় এবং মোবাইলের অংশবিশেষ ঘরের ভেতর ছড়িয়ে ছিটিয়ে পড়ে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের স্বজন শওকত ওসমান সুজন জানান, মিজানুরের এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার তার মরদেহ গ্রামের বাড়িতে এনে দাফন করার কথা রয়েছে।