
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (স্বাচিপ) আজীবন সদস্য ডা. মঞ্জুর এ এলাহীকে ফরিদপুরের সিভিল সার্জন হিসেবে পদায়নের প্রতিবাদে সিভিল সার্জন কার্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় ছাত্রসমাজ।
রবিবার সকালে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় যুবকেরা অংশ নেন।
বিক্ষোভ চলাকালে বক্তারা অভিযোগ করেন, ডা. মঞ্জুর এ এলাহী আওয়ামী লীগের একজন দোসর এবং তিনি দীর্ঘদিন ধরে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে আসছেন। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে ফরিদপুরের সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হলে জেলায় আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ তৈরি হবে। তাঁকে কোনোভাবেই ফরিদপুরে মেনে নেওয়া হবে না উল্লেখ করে অবিলম্বে এই পদায়ন বাতিল ও তাঁকে প্রত্যাহারের দাবি জানান আন্দোলনকারীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজসহ অন্যান্য ছাত্রনেতারা।
আন্দোলনের কারণে সিভিল সার্জন কার্যালয়ের মূল গেট বন্ধ থাকায় ভেতরে আটকা পড়েন অনেক কর্মকর্তা-কর্মচারী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎকালীন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের আশ্বস্ত করে গেট খুলে দিয়ে কর্মকর্তাদের কার্যালয়ে প্রবেশের ব্যবস্থা করেন।
আপনার মতামত লিখুন :