মুক্ত স্বদেশ রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার | মুক্ত স্বদেশ

রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ৫, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আরসার এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে উখিয়া উপজেলার ১১ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মরাগাছতলা এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মোহাম্মদ জহির (১৯)। তিনি ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-২-এর বাসিন্দা রশিদ আহম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।

তিনি জানান, মরাগাছতলা এলাকার মাল্টিপারপাস কমিউনিটি অ্যান্ড সার্ভিস সেন্টারের সামনে ইটসলিং সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‍্যাব। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা জহিরকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে সে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে অস্ত্র বহনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার জহিরের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহনের অভিযোগে মামলা দেয়া হয়েছে। তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়।