
কুড়িগ্রামের রাজারহাটে ১১ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগে আইয়ুব আলী (৬৫) নামের এক বৃদ্ধকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিমখান ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃত আইয়ুব আলী তেলিপাড়া গ্রামের নছরউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। মাদরাসায় যাওয়া-আসার পথে আইয়ুব আলী তার সাথে নানা-নাতনির সম্পর্ক গড়ে তোলেন। বুধবার সকালে নিজের বাড়ি ফাঁকা থাকার সুযোগে কৌশলে তিনি শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ওই বৃদ্ধকে হাতেনাতে আটক করেন।
ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং উত্তেজিত জনতা অভিযুক্ত বৃদ্ধকে গণধোলাই দেয়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা আইয়ুব আলীকে পুলিশের হাতে সোপর্দ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়রা এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামনুর রশিদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
আপনার মতামত লিখুন :