মুক্ত স্বদেশ বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী | মুক্ত স্বদেশ

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক জুন ১০, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশের সুষম ও সম-উন্নয়নে বিশ্বাস করে। তাই সরকারি দলের সংসদ সদস্যদের মতো বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেও সমানভাবে উন্নয়ন কাজ করা হবে। একইসঙ্গে গঠনমূলক সমালোচনা থাকলে সরকার তা সানন্দে গ্রহণ করবে। ১০ জুন বুধবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনে সংসদ সদস্যদের বিভিন্ন সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের এলাকার উন্নয়ন ও কর্মপরিধি নিয়ে কথা বলেন। তিনি উল্লেখ করেন, সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধি এবং নারী সংসদ সদস্য—উভয়েরই এলাকার উন্নয়নে কাজ করার অধিকার রয়েছে। দেশের উন্নয়ন সরকারি নিয়মানুযায়ী চলছে জানিয়ে প্রধানমন্ত্রী যেকোনো প্রয়োজনে সরাসরি সহযোগিতার আশ্বাস দেন। পরবর্তীতে সংসদ সদস্য আনিছুর রহমানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বিরোধী দলের প্রতি সরকারের সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি জানান, স্পিকারের নেতৃত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিরোধীদলীয় নেতার উত্থাপিত এলজিইডির একটি সমস্যার প্রেক্ষিতে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

সরকারের পক্ষ থেকে উন্নয়ন সহযোগিতা দেওয়ার পরও সরকারি দলের বিরুদ্ধে হওয়া অপপ্রচারের বিষয়ে আনিসুর রহমানের এক প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সবেমাত্র শুরু হলো, এ বিষয়ে আরও অপেক্ষা করতে হবে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত, গণতন্ত্রে বিশ্বাসী এবং জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার। কাজেই যদি গঠনমূলক কোনো সমালোচনা থাকে, অবশ্যই সেটি সরকার গ্রহণ করবে এবং সেই অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেবে।