
মরিশাসে বন্ধ থাকা বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে। দেশটি বাংলাদেশ থেকে বিশেষ করে টেক্সটাইল শিল্পে দক্ষ কর্মী নিতে গভীর আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগের ইচ্ছাও জানিয়েছে মরিশাস সরকার।
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৬-এর ফাঁকে গত সোমবার (৮ জুন) এক দ্বিপাক্ষিক বৈঠকে এই আশাবাদের কথা জানানো হয়। জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।
বৈঠকে দুই দেশের মধ্যে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু, বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শ্রমবাজার দ্রুত সচল করার লক্ষ্যে উভয় পক্ষই একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে একমত হয়েছেন। মরিশাসের শ্রমমন্ত্রী জানিয়েছেন, শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে শিগগিরই সমঝোতা স্মারকের একটি খসড়া বাংলাদেশে পাঠানো হবে।
বৈঠকে মরিশাস সরকারকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, টেক্সটাইল ছাড়াও ডাক্তার, প্রকৌশলী, নার্স ও অ্যাকাউন্টেন্টসহ বিভিন্ন উচ্চতর পেশাদার ও দক্ষ জনশক্তি মরিশাসে পাঠাতে বাংলাদেশ প্রস্তুত ও আগ্রহী। তিনি দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য মরিশাস সরকারের প্রতি আহ্বান জানান এবং মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
দ্বিপাক্ষিক এই বৈঠকে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী মিশনের প্রতিনিধি নাহিদা সোবহান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল ইসলাম এবং বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো. আমিনুল ইসলাম।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হলে মরিশাসে বাংলাদেশের দক্ষ জনশক্তির জন্য একটি বড় এবং সম্ভাবনাময় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
আপনার মতামত লিখুন :