
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে জনশক্তি রপ্তানি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী এক বছরের মধ্যে রাশিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা বর্তমানের চেয়ে ১০ গুণ বাড়িয়ে ১ লাখে উন্নীত করার প্রস্তাব দিয়েছে ঢাকা। বর্তমানে রাশিয়ায় প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন। রাশিয়ার চলমান তিন দিনের সরকারি সফরে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই প্রস্তাব দেন। আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রুশ কর্তৃপক্ষ বাংলাদেশের এই প্রস্তাবের ওপর দ্রুততার সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে এবং উভয় পক্ষই শিগগিরই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে আশা করছে।
দুই দেশের আলোচনায় জনশক্তি রপ্তানির পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষ একমত হয়েছে যে, বর্তমান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম। রাশিয়ায় বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধ সামগ্রীর বাজার বাড়ানোর সম্ভাবনার কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। এই বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদল রাশিয়া সফর করবে, যাকে স্বাগত জানিয়েছে রুশ পক্ষ।
প্রযুক্তি খাতে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত সহযোগিতা দুই দেশের আলোচনায় বেশ গুরুত্ব পেয়েছে। কৃষি ও স্বাস্থ্যসেবা খাতে এআই-এর ব্যবহারের অভিজ্ঞতা বিনিময়ের জন্য একটি রুশ প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের প্রস্তাব দেওয়া হলে রাশিয়া তাতে তাৎক্ষণিকভাবে ইতিবাচক সাড়া দেয়। পাশাপাশি বাংলাদেশের জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা প্রণয়ন এবং এই খাতে একটি ‘সেন্টার অব এক্সেলেন্স’ বা উৎকর্ষ কেন্দ্র স্থাপনে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে মস্কো।
উল্লেখ্য, গত ৭ জুন থেকে রাশিয়া সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
আপনার মতামত লিখুন :