মুক্ত স্বদেশ তিন প্রতিবন্ধী ভাইয়ের সহায়তায় যৌথ ব্যাংক হিসাব খুলছে প্রশাসন | মুক্ত স্বদেশ

তিন প্রতিবন্ধী ভাইয়ের সহায়তায় যৌথ ব্যাংক হিসাব খুলছে প্রশাসন


নিউজ ডেস্ক জুন ৫, ২০২৬, ৮:০৯ অপরাহ্ন
তিন প্রতিবন্ধী ভাইয়ের সহায়তায় যৌথ ব্যাংক হিসাব খুলছে প্রশাসন

পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের তিন প্রতিবন্ধী ভাইয়ের জন্য সংগৃহীত অর্থের স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি যৌথ ব্যাংক হিসাব খোলার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, তিন প্রতিবন্ধী ভাইয়ের সহায়তার জন্য বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের অর্থ সংগ্রহ কার্যক্রম নিয়ে অনেকেই ফোন ও বার্তার মাধ্যমে সন্দেহ এবং উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনা হলে তার নির্দেশনায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, খুব শিগগিরই তিন ভাইয়ের নামে একটি সরকারি ব্যাংকে যৌথ হিসাব খোলা হবে, যা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এখন পর্যন্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে সংগৃহীত সব অর্থ ওই হিসাবে জমা রাখার ব্যবস্থা করা হবে। এছাড়া হিসাব নম্বরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, যাতে যে কেউ সরাসরি অর্থ সহায়তা পাঠাতে পারেন।

উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, তিন ভাইয়ের খাবার, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় ওই হিসাব থেকে বহন করা হবে। পাশাপাশি উপজেলা পরিষদের অর্থায়নে তাদের পরিবারের প্রয়োজন বিবেচনায় একটি পাকা টয়লেট ও পুকুরের ঘাট নির্মাণ করা হবে। বর্তমানে প্রতিবেশী অমিত দাস উপজেলা প্রশাসনের সমন্বয়ে তিন ভাইয়ের জন্য অর্থ সংগ্রহ করছেন। এর বাইরে যারা অর্থ সংগ্রহ করেছেন বা করছেন, তাদের সংগৃহীত অর্থ এই যৌথ ব্যাংক হিসাবে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি মায়ের মৃত্যুর পর চাঁদকাঠি গ্রামের বিশেষ চাহিদাসম্পন্ন তিন ভাইয়ের মানবেতর জীবনযাপনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশ থেকে অনেকে সহায়তার হাত বাড়িয়ে দেন।