মুক্ত স্বদেশ ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ | মুক্ত স্বদেশ

২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ


নিউজ ডেস্ক মে ১৩, ২০২৬, ১:২৮ অপরাহ্ন
২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ

দীর্ঘ প্রতীক্ষার পর ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯৬ জন বঞ্চিত প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশের ভিত্তিতে বুধবার (১৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে-এর মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। তবে মন্ত্রণালয় থেকে বিকল্প কোনো নির্দেশনা থাকলে তা অনুসরণ করতে বলা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখতে তাদের ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপনের তারিখ থেকে এই আদেশ ভূতাপেক্ষিকভাবে কার্যকর হবে। অর্থাৎ, ব্যাচের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তাদের ধারণাগত জ্যেষ্ঠতা বজায় থাকবে। তবে এই সময়ের জন্য তারা কোনো বকেয়া আর্থিক সুবিধা (বেতন-ভাতা) পাবেন না।

উল্লেখ্য, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়মের অভিযোগে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নিয়েছিল। প্রথম পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ১৩৭ জন প্রার্থী এই বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে আইনি লড়াই শুরু করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত বছরের ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ বঞ্চিতদের নিয়োগের নির্দেশ দেন। আদালতের এই আদেশের প্রেক্ষিতে এর আগে গত ১৮ ডিসেম্বর ৬৭৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং আজ দ্বিতীয় দফায় আরও ৯৬ জন নিয়োগ পেলেন।