
বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে একটি বিপন্ন প্রজাতির তিলা নাগ ঈগল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের একটি গাছ থেকে অসুস্থাবস্থায় পাখিটি উদ্ধার করা হয়। বন্যপ্রাণী সুরক্ষায় নিয়োজিত সংগঠন ‘ওয়াইল্ড টিম’-এর কর্মকর্তা আলম হাওলাদার স্থানীয়দের সহায়তায় ঈগলটি উদ্ধার করেন।
ওয়াইল্ড টিম সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং গাছ থেকে নিস্তেজ প্রায় ঈগলটিকে উদ্ধার করেন। পাখিটির শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। বন বিভাগ জানিয়েছে, ঈগলটির উন্নত চিকিৎসা ও নিবিড় যত্নের জন্য সেটিকে দ্রুত খুলনা ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, উদ্ধার হওয়া ঈগলটিকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে পাখিটি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তাকে পুনরায় সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় জনগণের এই তাৎক্ষণিক সহযোগিতা ও সচেতনতা সত্যিই প্রশংসনীয়।
আপনার মতামত লিখুন :