
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থাটি দেশের বিভিন্ন ব্যাংকে এসংক্রান্ত নির্দেশনা পাঠায়। বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যাংক সূত্র জানায়, বিএফআইইউর পাঠানো ই-মেইল বার্তায় সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) এবং হালনাগাদ হিসাব বিবরণী (স্টেটমেন্ট) চাওয়া হয়েছে। একইসঙ্গে তার নামে থাকা হিসাবগুলোর কেওয়াইসি ও স্টেটমেন্টের সফটকপি এবং বিএফআইইউর পাঠানো এক্সেল ফাইলে হিসাবসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, সুদ আয় ও উৎসে কর (টিডিএস)-সংক্রান্ত তথ্য পূরণ করে পাঠাতে বলা হয়েছে। লেনদেনসংক্রান্ত তথ্য তলবের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে এবং তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি সালমান মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। দুর্বৃত্তরা তার কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনার পর তিনি প্রথমে চাঁদা দাবির অভিযোগ তুললেও পরে তা অস্বীকার করেন। তার এ বক্তব্য পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ-উর রহমান মন্তব্য করেন যে, সালমান মুক্তাদিরসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ও ভাইরাল ব্যক্তিত্বরা ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে বক্তব্য ও কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :