
গাজীপুরের শ্রীপুরে বাকিতে পণ্য না দেওয়াকে কেন্দ্র করে একটি দোকানে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজি কাছম আলী ফকির সুপারমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই মার্কেটের ‘নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফেক্সিকেটর’ দোকানের নিয়মিত ক্রেতা রানা ভান্ডারি। গত ৯ মে তিনি ৭২ হাজার টাকার পণ্য কিনে ৩০ হাজার টাকা পরিশোধ করেন এবং বাকি ৪২ হাজার টাকা পরে দেওয়ার কথা জানান। মঙ্গলবার বিকেলে তিনি পুনরায় থাই গ্লাস নিতে এলে দোকান মালিক ফয়সাল আহমেদ বকেয়া টাকা পরিশোধের অনুরোধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রানা দোকানের কর্মচারী শ্যামলকে মারধর করেন।
প্রাথমিকভাবে বিষয়টি মীমাংসা হলেও রাত ৮টার দিকে রানা ভান্ডারি ও তাঁর ভাই মামুনের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা চালায়। এ সময় দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বাধা দিতে গেলে মার্কেট মালিকের ছেলে কামাল ফকির, ভাগনে সিয়াম, ব্যবস্থাপক শাহিন এবং কর্মচারী শান্ত ও শ্যামল আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার একপর্যায়ে দোকান মালিককে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়। তবে তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :